নিজস্ব প্রতিবেদক।।
বরিশালে ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে দৈনিক মতবাদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল মিডিয়া ফোরামের সভা। একসেস টু সাসটেইনেবল ডেভলপমেন্ট ফর দ্য হিজরা কমিউনিটি- প্রকল্পের আওতায় গত ২১ জুলাই সকালে স্থানীয় একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মোট ১২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত সাংবাদিকরা বলেন, হিজড়া জনগোষ্ঠীর জীবন সম্পর্কে গভীর ভাবে জানতে হলে তাদেরকে নিয়ে গবেষণা করা প্রয়োজন। পাশাপাশি হিজড়াদের বিষয়ে মানবিক আচরণ করার জন্য সামাজিক ভাবে সবাইকে আন্তরিক হওয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়। সভায় দৈনিক প্রথম আলোর বরিশাল ব্যুরো প্রধান এম জসীম উদদীন বলেন- এই জনগোষ্ঠীর সদস্যদেরকে কেন নিজের ঘর ছাড়তে হয়, কত প্রতিকূলতা প্রতিনিয়ত মোকাবিলা করতে হয়, এসব জানতে প্রাতিষ্ঠানিক ভাবে বাছাই করে সাংবাদিকদের ফেলোশিপের আওতায় আনা প্রয়োজন। তাহলে এদের বিষয়ে আরো নতুন নতুন তথ্য পাওয়া যাবে। যা বিশ্লেষণ করে এই জনগোষ্ঠীর অসুবিধাগুলো দূর করতে কার্যকরী পদক্ষেপ নেওয়া যাবে।
যমুনা টেলিভিশনের বরিশাল প্রতিনিধি কাওসার মাহমুদ বলেন, শধু সভা-সেমিনার করে কোনো জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন করা সম্ভব হবে না। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, প্রশাসন, ধর্মীয় নেতা ও সাংবাদিকদেরকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি হিজড়াদের মধ্যে যারা পড়াশোনা করে সাবলম্বী হয়েছেন, তাদের নিয়ে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন তিনি।
সভায় আরো বক্তব্য রাখেন- এটিএন বাংলার হুমায়ুন কবির, সময় টিভির অপূর্ব অপু, ইত্তেফাকের শাহিন হাফিজ, দৈনিক বাংলার বনের শাহিন শুভ, ভোরের পাতার রাফা ইসলাম, মাইটিভির পারভেজ রাসেল, দৈনিক বরিশালের সম্পাদক এম সালাউদ্দিন এবং দখিনের প্রতিবেদনের নির্বাহী সম্পাদক সুমাইয়া জিসাম। সভা শেষে সবাই ফটোসেশনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন আত্ম সাহায্য কর্মসূচি- এসএইচপির প্রোগ্রাম ম্যানেজার গোলাম মর্তুজা জুয়েল এবং সভাপতিত্ব করেন দৈনিক মতবাদের ব্যবস্থাপনা সম্পাদক বিপ্লব রায়।
