
বিনোদন প্রতিবেদক।।
অপহরণ করার পর অপহৃত ব্যক্তির কাছে যেখানে মুক্তিপণ চাওয়া হয়, কিন্তু প্রবাসে গিয়ে ভারতের এক নাগরিকের ক্ষেত্রে ঘটেছে ভিন্ন ঘটনা। সম্প্রতি তিনি আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর হাতে অহপরণের শিকার হন। এরপর অপহরণকারীরা তার কাছে প্রশ্ন করেন- তুমি শাহরুখ খানকে চেনো?
এনডিটিভির হাতে পাওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এক ভারতীয় পুরুষ দুজন সশস্ত্র আরএসএফ সদস্যের মাঝে বসে আছেন। তথ্য যাচাই করে দেখা গেছে, ভারতীয় এই নাগরিকের নাম আদর্শ বেহেরা। তিনি উড়িষ্যা রাজ্যের জগৎসিংহপুর জেলার বাসিন্দা।
আর এ ঘটনাটি ঘটেছে গৃহযুদ্ধবিধ্বস্ত আফ্রিকার দেশ সুদানে। ভিডিওতে এক আরএসএফ সদস্য বেহেরাকে জিজ্ঞেস করেন, তুমি কি শাহরুখ খানকে চেনো? তার পিছনে থাকা আরেক সদস্য তাকে বলেন, ক্যামেরার দিকে তাকিয়ে বলো, ‘দাগালো গুড’। ‘দাগালো’ বলতে আরএসএফের প্রধান নেতা মোহাম্মদ হামদান দাগালো, যিনি ‘হেমেতি’ নামেও পরিচিত।
এনডিটিভিকে সূত্র জানিয়েছে, ৩৬ বছর বয়সী বেহেরাকে সুদানের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর এল-ফাশার থেকে অপহরণ করা হয়েছে, যা রাজধানী খারতুম থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে। ধারণা করা হচ্ছে, সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে দক্ষিণ দারফুর প্রদেশের রাজধানী নিয়ালায়, যেখানে আরএসএফের শক্তিশালী ঘাঁটি রয়েছে।
পরিবারটি এনডিটিভিকে একটি ভিডিও দিয়েছে, যেখানে দেখা যায়, বেহেরা মাটিতে বসে হাতজোড় করে ক্যামেরার দিকে তাকিয়ে বলছেন, আমি এখন এল-ফাশারে আছি, এখানকার পরিস্থিতি খুবই খারাপ। গত দুই বছর ধরে আমি এখানে অনেক কষ্টে আছি। আমার পরিবার ও বাচ্চারা খুব উদ্বিগ্ন। আমি উড়িষ্যা সরকারকে অনুরোধ করছি, তারা যেন আমাকে সাহায্য করে।
সম্প্রতি সুদানের সরকারপন্থি বাহিনীর শেষ ঘাঁটি এল-ফাশার দখলে নিয়েছে আরএসএফ। শহরটি টানা ১৮ মাস অবরুদ্ধ থাকার পর পুরোপুরি তাদের দখলে গেছে।
