
নিজস্ব প্রতিবেদক
লন্ডন থেকে শিঘ্রই দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর দেশে ফেরার প্রস্তুতি পুরোদমে চলছে। দেশে এসে কোথায় উঠবেন এবং কোথায় অফিস করবেন তাও প্রায় চূড়ান্ত। এরই মধ্যে তারেক রহমানের নিরাপত্তার বিষয় নিয়েও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন দলের একটি প্রতিনিধিদল। যদিও কৌশলগত কারণে তারেক রহমানের ফেরার সুনির্দিষ্ট দিন-তারিখ প্রকাশ করা হচ্ছে না।
তারেক রহমান নিজেও এখন পর্যন্ত দিন-তারিখ সম্পর্কে কোনো সবুজ সংকেত দেননি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই তিনি হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। একাধিক সূত্র অবশ্য ইঙ্গিত দিচ্ছে যে, বিজয় দিবস সামনে রেখেই তিনি দেশে ফেরার প্রস্তুতি চূড়ান্ত করতে পারেন।
তারেক রহমান দেশে এলে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হবে, সেটিও মাথায় রেখে নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে প্রস্তুতি নেয়া হচ্ছে। যদিও ওইদিন বড় জনসমাগম করা হবে কিনা তা নির্ভর করছে তারেক রহমানের সিদ্ধান্তের ওপর। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র দু’জন শীর্ষ নেতা গণমাধ্যমকে বলেছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তফসিল ঘোষণার আগে অথবা তফসিলের পরপরই ফিরবেন কিনা এ নিয়ে দলের ভেতরেই আলোচনা চলছে।
এদিকে দেশে ফিরে তারেক রহমান গুলশান-২ এভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন বলে বিএনপি’র একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। দৈনিক মানবজমিনের খবরে বলা হয়েছে- দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের থাকার জন্য বাড়িটি উপযোগী করে তোলা হচ্ছে। চলছে সাজসজ্জা। বাড়ির নিরাপত্তায় রয়েছেন সিএসএফ। এ ছাড়া দেশে ফিরে তারেক রহমানের শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের বাস ভবন ধানমণ্ডির ৫ নম্বর সড়কের ‘মাহবুব ভবন’-এ উঠতে পারেন বলেও দলের ভেতরে আলোচনা রয়েছে।
গুলশান-২ এভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতেও তিনি থাকতেপারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়েই তারেক রহমান অফিস করবেন বলে বিএনপি’র সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। তার বসার উপযোগী করেই কক্ষটি সাজানো হচ্ছে।
২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে কারাগারে নেয়া হলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সব মামলা থেকে অব্যাহতি পান তিনি।
প্রায় ১৭ বছর ধরে লন্ডনে আছেন তারেক রহমান। ২০০৭ সালের ৭ই মার্চ এক-এগারোর জরুরি জমানায় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। কারাগারে তার ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। পরের বছরে ৩রা সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। ১১ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তিনি।
